- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সার চুরির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, ১০০ বস্তা উদ্ধার
অনলাইন ডেস্ক ►
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে সার ডিলারের গুদামের বেড়া ভেঙে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, বিক্ষুব্ধ কৃষকদের নিয়ে যাওয়া সারের মধ্য থেকে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মতবিনিময় সভা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত।