• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

জনবল সংকটে দু’টি সাবস্টেশন বন্ধ



এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ ►

পাঁচজন জনবল দিয়ে চলছে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল। জনবল সংকটে দু’টি সাবস্টেশন বন্ধ রয়েছে। মানসম্মত সেবা প্রদানে হিমশিম খাচ্ছে অফিসটি। স্বেচ্ছাসেবি এবং প্রকল্পের কর্মীদের মাধ্যমে সুবিধাভোগিদের সেবাদান চলছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতালে ১১ জনের বিপরীতে জনবল রয়েছে মাত্র পাঁচজন। সে কারনে উপজেলার বামনডাঙ্গা ও ধর্মপুর সাবস্টেশন দু’টিতে সেবা প্রদান বন্ধ রয়েছে। একজন উপজেলা প্রাণিসম্পদ অফিসার, একজন ভেটেরিনারি সার্জন, একজন এসএএলও (সম্প্রসারণ), একজন ড্রেসার ও একজন অফিস সহায়ক দিয়ে চলছে অফিসটির কার্যক্রম। 

জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় গরুর সংখ্যা ২৫৪৭২৪টি, ছাগল ১৬৬১৯৫টি, ভেড়া ১৭৫টি, হাঁস ৭৩৮০টি, মহিষ ২৫টি, হাঁস ১৬৪০০১টি, দেশী মুরগী ১৬০২০২ লেয়ার মুরগী ১৫১৪৮৭টি, বয়লার মুরগী ১৫২৩০৮টি, সোনালী মুরগী ৮০৩০৫টি, কবুতর ৩২৩০২টি এবং কোয়েল ১৮০৬১টি। এছাড়া শতকরা ৯৫ ভাগ কৃষকের বাড়িতে রয়েছে গৃহপালিত পশুপাখি। বিশেষ করে ৬টি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর চরের প্রতিটি বাড়িতে রয়েছে মিনি গরু ও ছাগলের খামার। 

উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মোজাম্মেল হক বলেন, মাত্র পাঁচজন জনবল দিয়ে চলছে উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতাল। প্রতিদিন অসংখ্য পশু-পাখির চিকিৎসা সেবা দিতে হয়। অনেক সময় অফিসিয়াল কাজে এবং খামার দেখতে বাইরে গেলে হাসপাতালে আসা রোগিদের অপেক্ষ করতে হয়। জনবল বৃদ্ধি পেলে এ সমস্যা কেটে যাবে। 

এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার কে এম ইফতেখারুল ইসলাম বলেন, তিনি সবে মাত্র এই উপজেলায় যোগদান করেছেন। এটি একটি বড় উপজেলা, এবং খামারের পরিমান অনেক বেশি। সে তুলনায় জনবল অত্যন্ত কম। সুবিধাভোগিদের শতভাগ সেবা প্রদানে জনবল একান্ত প্রয়োজন।