- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে হবে।
ফুলছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা আইসিটি কর্মকর্তা রুবেল সরকার, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহিনুল আলম, উদাখালী মহিলা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জাহিদ হাসান জীবন, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক আকন্দ, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহেদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন কর্তৃক নির্বাচিত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়, গুণভরি উচ্চ বিদ্যালয় এবং নজরুল হক আদর্শ বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি দমনে আইনের চেয়ে নৈতিক শিক্ষার গুরুত্ব, ছোট ছোট অনিয়ম থেকে বড় দুর্নীতির বিস্তার এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে দুর্নীতির অন্যতম কারণ হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।