• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মামিথা বাইজুর নজিরবিহীন সাফল্য



অনলাইন ডেস্ক ►

২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়। তবে এবার যা ঘটল, তা এককথায় অবিশ্বাস্য! মাত্র এক মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে আসা তাঁর তিনটি সিনেমার প্রতিটি পেরিয়ে গেছে ২০০ কোটি রুপির মাইলফলক। বছরের শুরুতে ধানুশের বিপরীতে ‘কারা’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও গত জুলাই ও আগস্টে মামিথার ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে নাটকীয়ভাবে।

গত ২৩ জুলাই মুক্তি পায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’। এতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন মামিথা। সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৩২৪ কোটি রুপির বেশি। এর ঠিক তিন সপ্তাহ পর ১৪ আগস্ট সুরিয়ার বিপরীতে মুক্তি পায় তাঁর আরেক তামিল সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’। সিনেমাটি ইতিমধ্যেই ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

সবশেষ গত ২১ আগস্ট মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ দিয়ে নিজের ঘরের আঙিনায় ফেরেন মামিথা। নিভিন পাউলি ও মামিথা বাইজুর দুর্দান্ত অনস্ক্রিন রসায়নে ভরপুর সিনেমাটি মাত্র ১৪ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২৩১ কোটি রুপির বেশি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি শিগগির ৩০০ কোটির ঘর ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’কে টপকে যেতে পারে। সব মিলিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে মামিথা বাইজু প্রমাণ করলেন, বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম সফল ও নির্ভরযোগ্য অভিনেত্রী তিনিই।