- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিলে মাছ ধরতে গিয়ে পিতার মৃত্যু, ছেলেকে জীবিত উদ্ধার
আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা ►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ছেলে মাহিদকে (১০)জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা ময়নুল ইসলামকে (৩০) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ময়নুল ইসলাম উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর ময়নুল ইসলাম তার ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে তেলিয়ান বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বাবা-ছেলে বিলের গভীর পানিতে চলে গেলে হঠাৎ তারা পানিতে নিখোঁজ হয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ময়নুল ইসলামের ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে ময়নুল ইসলামকে অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সাঘাটা ফায়ার সার্ভিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাবা-ছেলেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ছেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ময়নুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।