- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (শয়তান জাল) জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত করতোয়া নদীর পৌরসভা, ফুলবাড়ি, দরবস্ত ও সাপমারা অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা।
অভিযানে ছোট, মাঝারি ও বড় সাইজ মিলে মোট ৪৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চায়না দুয়ারি জাল স্থানীয়ভাবে শয়তান জাল নামে পরিচিত। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত করে থাকি এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।