• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

‘পুরো দলেরই খারাপ দিন ছিল’—ভারতের কাছে হারের পর জ্যোতি



অনলাইন ডেস্ক ►
সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে নারী এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে কাল রাতে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান করে। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রান তুলতে পারে।  ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজেদের পারফরম্যান্সের ঘাটতিই হারের বড় কারণ হিসেবে দেখেছেন। তার মতে, গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং ও ফিল্ডিং প্রত্যাশামতো হয়নি। ভারতকে আরো কম রানে আটকে রাখার সুযোগ ছিল।

কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। জ্যোতি বলেছেন, ‘আজ (কাল) আমরা ভালো বোলিং করতে পারিনি। আগের ম্যাচগুলোতে আমরা যেভাবে বোলিং করেছি, এই ম্যাচে সেটা হয়নি।’ ম্যাচে চার-চারটি ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এর মধ্যে শেফালি ভার্মাই তিনবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত শেফালির ৪০ বলে ৬৪ রানের ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।  ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করে জ্যোতি বলেছেন, ‘সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতকে আরো কমে রাখা সম্ভব ছিল।’

ব্যাটিংয়েও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ারপ্লেতে পর্যাপ্ত রান না পাওয়ায় পরে চাপ বেড়ে যায়। তবে জ্যোতি মনে করেন, এই ব্যর্থতাকে শুধু চাপের ফল হিসেবে দেখার সুযোগ নেই, ‘এটা চাপের কারণে হয়েছে বলে মনে করি না; পুরো দলেরই একটা খারাপ দিন ছিল।’ সেমিফাইনালে হারের হতাশা থাকলেও এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন জ্যোতি। কিন্তু শুধু বললে তো হবে না; করে দেখাতে হবে। জ্যোতি নিজেই যে এশিয়া কাপে কচ্ছপ গতিতে ব্যাটিং করেছেন। টুর্নামেন্টে চার ইনিংসে তার রান ১০, ৪, ২৩, ১৯। স্ট্রাইক রেট মাত্র ৮৬.১৫।