- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
আবার ঢাকায় আসছেন ওটিলিয়া
অনলাইন ডেস্ক ►
২০২২ সালে ঢাকার মঞ্চে পারফর্ম করেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা। চার বছর পর আবার ঢাকায় আসছেন বিলিওনেরাখ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। কনসার্টটি আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছেন ওটিলিয়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা কনসার্টের ফটোকার্ড। এর পর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছে যায় তাঁর জনপ্রিয়তা।
ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এর আগে প্রতিষ্ঠানটি অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো আলোচিত আন্তর্জাতিক আয়োজন করেছে।
অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এবারও আন্তর্জাতিক মানের একটি আয়োজন উপহার দেওয়াই তাদের লক্ষ্য। ওটিলিয়ার কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য এবং টিকিট বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগির এসব বিস্তারিত তথ্য জানানো হবে।