• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

আমদানিতেই কমল উত্তাপ, ৪০০ টাকার কাঁচা মরিচ হিলিতে এখন ৮০



অনলাইন ডেস্ক ►
দেশজুড়ে সরবরাহসংকট আর চড়া দামে নাকাল ক্রেতাদের স্বস্তি দিতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানির খবরে ও বাজারে নতুন চালান আসতেই বড় পতন ঘটেছে দামের। সম্প্রতি দেশের খুচরা বাজারে যে কাঁচা মরিচ কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে, দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে তা নেমে এসেছে ৮০ থেকে ১০০ টাকায়। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সাড়ে আট মাস বন্ধ থাকার পর গত ৩ আগস্ট (সোমবার) বন্দরটি দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিন ৪টি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ দেশে আসে। পরদিন ৪ আগস্ট ১২টি ট্রাকে আসে ৭৫ টন ৫২০ কেজি।

আর বৃহস্পতিবার (৬ আগস্ট) ৮টি ট্রাকে আরো ৬২ টন ৬৮০ কেজি কাঁচা মরিচ বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানির শুরুতেই হিলি বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হলেও সরবরাহ বাড়ায় পরের দিন তা কমে দাঁড়ায় ১৪০ টাকায়। বর্তমানে দাম আরো কমে সাধারণ মানের কাঁচা মরিচ ৮০ টাকা এবং ভালো মানের মরিচ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরে মরিচ কিনতে আসা ঢাকার পাইকারি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশি মরিচের সরবরাহ কম থাকায় বাজারে দাম চড়া ছিল।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য হিলিতে এসেছি। শুরুতে ১৬০ টাকা কেজিতে কিনে মোকামে পাঠালেও এখন আমদানি বাড়ায় দাম অনেকটা কমেছে। বৃহস্পতিবার কম মানের মরিচ ৮০ টাকা এবং ভালো মানের মরিচ ৯০ থেকে ১০০ টাকায় পাইকারি কিনেছি। এতে আমাদের যেমন সুবিধা হয়েছে, সাধারণ মানুষও কম দামে কিনতে পারছে।’
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক নাহিদ হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়।

বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় স্থানভেদে দাম বেড়ে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত উঠে যায়। তবে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বাজারে সরবরাহ এখন স্বাভাবিক হতে শুরু করেছে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে সম্প্রতি সরকার পুনরায় ভারত থেকে আমদানির অনুমতি দেয়। এরপরই সাড়ে আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবার মরিচ আমদানি শুরু হয়। সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ এসেছিল।

বন্দর কর্তৃপক্ষ আশা করছে, আমদানির এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দেশের খুচরা বাজারগুলোতেও কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের পুরোপুরি ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।