- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
এসকেএস স্কুল এ্যান্ড কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের আদর্শ, মানবিকতা ও সৃজনশীল চেতনা নতুন প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম শুধু বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পদ নয়, বরং মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার চিরন্তন প্রেরণার উৎস। নতুন প্রজন্মের মাঝে তাঁদের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সংস্কৃতিতে তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষিকা লুৎফুন নাহার ও শিক্ষক সঞ্জয় চৌধুরী।
আলোচনা সভা শেষে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী সোয়াইব ও জান্নাতুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।