• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৬, সময়ঃ সকাল ১১:৩৩

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



অনলাইন ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভাতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া এসব খেলোয়াড় বিভিন্ন ডিসিপ্লিন থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছে আর্চারি, বক্সিং, যোগা, জিমন্যাস্টিকস, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, ফুটসাল, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ আরও অনেক ইভেন্ট। বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে প্যারা-অ্যাথলেটদেরও, যারা সাম্প্রতিক সময় আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারগুলোকে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করা। খেলাধুলা যখন পেশা হবে, তখন পরিবারেও নিরাপত্তা আসবে। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি, বলেন তিনি।

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হলেও, খুব শিগগিরই এই সংখ্যা বাড়ানো হবে। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ডিসিপ্লিন থেকে আরও খেলোয়াড় যুক্ত করা হবে বলে জানানো হয়েছে, যেখানে প্রাথমিকভাবে প্রায় ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সব খেলোয়াড়ের জন্য ভাতার পরিমাণ সমান থাকবে, যদিও নির্দিষ্ট অঙ্কটি উদ্বোধনী অনুষ্ঠানেই ঘোষণা করা হবে। প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে, যা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। নির্বাচন প্রক্রিয়া নিয়েও স্বচ্ছতার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার ভাষায়, আমাদের কাছে সব খেলাই সমান গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং সবাই সমান সম্মান ও সুবিধা পাবেন।