- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
খেলাধুলায় গড়বে সুস্থ জাতি: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি
খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করে—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে। পাশাপাশি এটি তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন।
বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের সার্বিক বিকাশে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ডা. জাহিদ হোসেন বলেন, মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তর থেকেই খেলাধুলাকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পারুল নাহারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।