• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৩:২৯

গাইবান্ধা প্রেসক্লাবে ঈদ আড্ডা



নিজস্ব প্রতিবেদক ►

ঈদের তৃতীয় দিনে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কেউ গাইছে গান, কেউবা কবিতা আবৃত্তি, আবার কেউবা সহকর্মীদের সঙ্গে হাসি, গল্প আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব মিলনায়তন। আজ সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এই আড্ডায় সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

আড্ডার মূল আকর্ষণ ছিল সংবাদকর্মীদের প্রাণখোলা অংশগ্রহণ। কেউ শুনিয়েছেন শৈশবের ঈদের স্মৃতি, কেউবা তুলে ধরেছেন মাঠপর্যায়ে কাজ করার নানা মজার অভিজ্ঞতা। গান, কবিতা আবৃত্তি, হাসি-ঠাট্টা আর চায়ের কাপে জমে ওঠা আড্ডা পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

নবীন ও প্রবীণ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় আন্তরিকতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল পরিবেশ। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু আনন্দ বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক জোরদার এবং পেশাগত সহমর্মিতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ঈদের তাৎপর্য তুলে ধরে সভাপতি বলেন, “পেশাগত ব্যস্ততার মাঝেও এ ধরনের মিলনমেলা সহকর্মীদের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করে।” সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের প্রতিদিনের দৌড়ঝাঁপে একে অপরের সঙ্গে এমন নির্ভার সময় কাটানোর সুযোগ খুব কমই আসে; এই ঈদ আড্ডাই সেই সুযোগ তৈরি করে দিয়েছে।”