- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জে প্রাইভেটকারে ছাগল চুরির সময় দুই চোর আটক
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে ছাগল চুরির সময় হাতেনাতে দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম সংলগ্ন দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কের পাশ থেকে এক কৃষকের ছাগল সুকৌশলে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে চোরচক্রটি দিঘীরহাট বাজারের দিকে রওনা দেয়। বিষয়টি এক প্রত্যক্ষদর্শী দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দিঘীরহাট বাজারে অবস্থানরত পরিচিতদের ফোনে বিষয়টি জানিয়ে গাড়িটি আটক করতে বলেন।
খবর পেয়ে বাজারের লোকজন দ্রুত দিঘীরহাট চারমাথা মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন গাড়িটি সেখানে পৌঁছালে স্থানীয় জনতা সেটিকে গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয় এবং দুই চোরকে আটক করা হয়।
ঘটনার পর বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজত নেয়। এসময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ছাগলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী কৃষকের অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা দায়ের করা হবে। চুরির এই অভিনব পদ্ধতিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।