- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জের এমপির সাথে গিয়ে বাঙালি নদীর বালু তোলা ৫টি ড্রেজার ধ্বংস করলো প্রশাসন
মহিমাগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংসদ সদস্যের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জের ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসিসহ একটি দলের আকস্মিক অভিযানে মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রাম থেকে বামনহাজরা গ্রামের অংশের বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এ ড্রেজারগুলো ধ্বংস করা হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে বাঙালি নদীতে অবৈধ বালু উত্তোল প্রতিরোধে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদীর মাত্র এক কিলোমিটার এই অংশ থেকেই বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
সংসদ সদস্যের নেতৃত্বে এই অভিযানের সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) তামসীদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, বিএনপি নেতা ও রাখালবুরুজ ইউফি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, বিএনপি নেতা সাজেদুর রহমান সাজু, যুবদল নেতা কাজী রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সমূহের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।
নদীতে অভিযানকালে সংসদ সদস্য শামীম কায়ছার লিংকন সাংবাদিকদের জানান, গোবিন্দগঞ্জ মাটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন, মাটিকাটা সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা জনগণকে বুঝানোর চেষ্টা করছি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। বিভিন্ন গ্রাম ও বাজার এলাকা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ জন্য সকলকে এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সহযোগিতা প্রত্যাশা করেছি। এ সময় তিনি এই অভিযান নিয়মিত পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সাথে এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়ার জন্যও নির্দেশনা প্রদান করেন। এদিকে এই অভিযানের সময় নদীর দুই পাড়ের অসংখ্য মানুষ এই অভিযান পরিচালনা করায় সংসদ সদস্য সহ সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন।