- মাধুকর প্রতিনিধি
- ৪ ঘন্টা আগে
জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ►
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প- ৩য় পর্যায়ের গাইবান্ধা জেলা ম্যানেজার মো: মোক্তার হোসেন গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও সাধারণ মানুষের বিচার প্রাপ্তির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে।
এসময় ইউনিয়ন পরিষদ সদস্য, সংরক্ষিত নারী সদস্য, সাংবাদিক, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, শ্রোতাক্লাব সদস্য, এনজিও কর্মী, নারী অধিকার কর্মী, রেডিও স্টাফ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।
কমিউনিটি রেডিও সারাবেলার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা করে বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন (বিসিএরএ)। সহযোগিতায় ছিল বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প- ৩য় পর্যায়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন। বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
অনুষ্ঠানে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার কৃষ্ণ কমল।