• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত



অনলাইন ডেস্ক ►
দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথম দিনে নীলফামারীর ডিমলার এলাকার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান সংশ্লিষ্টরা।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সফরসূচি অনুযায়ী, এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজ পরিদর্শনে শেষে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।