- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দরিদ্র ও অসহায় রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ত্রাণমন্ত্রীর
পিআইডি, রংপুর ►
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনের মাধ্যমে এঅঞ্চলের কিডনি রোগীদের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই সেন্টার চালু হওয়ায় রোগীদের ডায়ালাইসিসের জন্য দূর-দূরান্তে যেতে হবে না এবং স্থানীয় পর্যায়েই সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে তিনি দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শুক্রবার (৩রা জুলাই) সকালে সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাটের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ অধিক গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই। তিনি জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের পুষ্টি, সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ জীবনযাপন এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন। তিনি আরো বলেন, লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
খাদ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারে কেমিক্যালযুক্ত খাদ্যের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, কিডনি বিকল হওয়ার ঝুঁকি এড়াতে পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন থাকতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপন কিডনি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.বি.এম. মোবাশ্বের আলম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগম, লালমনিরহাট ডায়াবেটিস সমিতির অ্যাডহক কমিটির সদস্যসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেহী, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পরিচালক আল ইমরান সরকার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।