- মাধুকর প্রতিনিধি
- ২৩ ঘন্টা আগে
দীর্ঘদিন পর রাজের পরিচালনায় জাহিদ হাসান, সঙ্গী তটিনী-বাসার
অনলাইন ডেস্ক ►
ছোট পর্দার জনপ্রিয় ও নন্দিত অভিনেতা জাহিদ হাসান দীর্ঘ বিরতির পর আবারও কাজ করলেন নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায়। এই জুটির নতুন একক নাটকের নাম ‘পথহারা মন’। জাকিয়া হোসেন তৃষার গল্প ভাবনায় প্রেমের নাটকটির পাণ্ডুলিপি যৌথভাবে তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। দীর্ঘদিন পর জাহিদ হাসান ও রাজের এই নতুন রসায়ন দর্শকদের মাঝে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৮ সালে জাহিদ হাসানকে নিয়ে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক ‘ছেলেমানুষি’ পরিচালনা করেছিলেন রাজ, যা বৈশাখী টিভিতে প্রচারিত হয়েছিল। দীর্ঘ আট বছর পর আবারও রাজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন জাহিদ হাসান। ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে এই নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে এবং আজ মঙ্গলবার (১৪ জুলাই) এর শুটিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রোমান্টিক ঘরানার এই নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই মুখ খাইরুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী জুটি বেঁধেছেন। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু। তারকাখচিত এই নাটকটি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে।