- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দেশের আট জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা: নদীবন্দরে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক ►
বৈশাখী তাণ্ডবের আশঙ্কায় দেশের আটটি জেলায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল থেকেই ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে আকস্মিক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও প্রবল। এই পরিস্থিতির কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এই কালবৈশাখী ঝড় সৃষ্টি হচ্ছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তা অপরিবর্তিত থাকতে পারে। জনসাধারণকে বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।