- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:৪৮
নতুন কুঁড়ি স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণ
উজ্জল চক্রবর্ত্তী ►
‘‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় গাইবান্ধাতেও আয়োজন করা হয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। জেলা স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার, মার্শাল আট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জেলার পৌরসভার পৃথক দলসহ ৭ উপজেলার ক্রীড়াবিদরা অংশ নেয়।
শনিবার বিকেলে জেলা ক্রিড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্পোর্টসের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মাদক ছেড়ে মাঠমুখী হতে হবে কিশোর এবং যুবদের। তিনি উপস্থিত খেলোয়াড়দের মাদককে বয়কটের শপথ বাক্য পাঠ করান। সেইসাথে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সকল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গাইবান্ধাকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান খেলোয়াড়দের। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ফুটবল প্রতিযোগিতার বালকে চ্যম্পিয়ন পলাশবাড়ী উপজেলা, বালিকায় সদর উপজেলা, ক্রিকেটের বালকে সাঘাটা উপজেলা, বালিকায় গাইবান্ধা সদর উপজেলা, কাবাডিতে গাইবান্ধা সদর উপজেলা, বালিকায় সাদুল্লাপুর উপজেলা দল চ্যম্পিয়ন হয়।