• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল



অনলাইন ডেস্ক ►

পবিত্র হজের আমেজ ও আনুষ্ঠানিকতার মধ্যেই শোকের সংবাদ এসেছে। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী চারজন হজযাত্রীই পুরুষ। তারা সবাই সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থানকালে ইন্তেকাল করেন। তবে মদিনা, জেদ্দা কিংবা মিনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি এজেন্সির ব্যবস্থাপনায় গিয়েছেন ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী।

বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে এখন পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইট সৌদি আরবে অবতরণ করেছে। বিমান সংস্থাগুলোর মধ্যে বরাবরের মতো ফ্লাইট পরিচালনায় এগিয়ে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের ৩৮টি ফ্লাইটে মোট ১৫ হাজার ৭৪৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ৩৩টি ফ্লাইটে বহন করেছে ১২ হাজার ৪৬৯ জন যাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রীকে পবিত্র ভূমিতে পৌঁছে দিয়েছে।