- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, পরে উদ্ধার
পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েছেন শামিম (৩০) নামের এক যুবক। আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় এঘটনাটি ঘটে। শামিম পলাশবাড়ী পৌরশহরের বৈরিহরিনমারী গ্রামের শহিদুল এর ছেলে বলে জানা যায়। পরে স্থানীয়দের খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পলাশবাড়ী ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানানো হয়েছে।