• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৩-২০২৬, সময়ঃ দুপুর ০১:০৮

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে কালভার্টের ওপর দিয়ে এলাকাবাসীর যাতায়াত



সোহেল রানা, পৌর প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে ঝুঁকিপুর্ণ কালভার্টের ওপর দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এছাড়াও ঝুঁকি নিয়ে চলাচল করছে বাইসাইকেল, মোটরসাইকেল, অটো-চালিত ভ্যান, ভারী মাল বোঝাই যানবাহন। যে কোনো মুর্হুতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর হতে কাশিয়াবাড়ী যাওয়ার একমাত্র গ্রামীণ কাঁচা রাস্তার শ্রীমুখপাড়া হামিদুলের বাড়ীর সামনে ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ২০১৮ সালে কালভার্টটি নির্মাণ করা হলে কালভার্ট নির্মাণের ৫ বছর যেতে না যেতেই নিচে অংশ ভেঙে পড়লে মেরামত করা হয়। কিছুদিন পর আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়লে এলাকাবাসীর উদ্যোগে মাটি দিয়ে ভরাট করে কালভার্টটি চলাচলের উপযোগী করা হয়। বছর পেরিয়ে না যেতেই আবারও কালভার্টের মাঝের অংশ ভেঙে যাওয়ায় কালভার্টটির ওপর দিয়ে পথচারীরা প্রতিনিয়ত আতঙ্কে নিয়ে চলাচল করছে। ভেঙে যাওয়া কালভার্টের ওপর দিয়ে চলাচলের কারনে পথচারীরা যেকোনো মুর্হুতে মারাত্বক বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই কালভার্টটি ভেঙে ওই স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, ভোগান্তির যেন শেষ নেই। প্রতিদিন এই কালভার্টের উপর দিয়ে আশপাশের এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরিজীবী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। এছাড়াও ভাঙা কালভার্টটির ওপর দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল, অটো-চালিত ভ্যান, ভারী মাল বোঝাই ভ্যান চলাচল করে করে থাকে।

কাশিয়াবাড়ী শ্রীমূখপাড়ার শিক্ষক তোতা মিয়া জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে পথচারীরা চলাচল করতে পারছে না। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমে যাবে। 

কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা সানারুল ইসলাম, আজেল হক, আরিফ মিয়া জানান, আমাদের বিভিন্ন চাষাবাদের ফসল বাড়িতে নিয়ে আসা এবং হাট-বাজারে বিক্রির জন্য যেতে হয় ভাঙা কালভার্টের ওপর দিয়ে আর তখন খুব ভোগান্তি পড়তে হয়। এটি দীর্ঘদিন থেকে ভেঙে আছে কেউ এটা নিয়ে ভাবেন না। তবে এখানে একটি ব্রিজ নির্মাণ করা খুবই জরুরিভাবে দরকার। তাহলেই এ এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে।

এ প্রসঙ্গে পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাতে দ্রুত ব্রিজটি নির্মাণ হয় সেই ব্যবস্থা গ্রহণ করবো।