- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে ঈদে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুই নৌকা ডুবি
ফুলছড়ি প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুইটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত ভিজিএফের প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৯৩৬ বস্তা চাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে এসব চাল ইউনিয়নে পৌঁছে দেওয়ার জন্য চারটি নৌকায় তোলা হয়।
বৃহস্পতিবার সকালে নৌকাগুলো বালাসীঘাট থেকে নদীপথে রওনা হওয়ার প্রস্তুতিকালে প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। এতে ওই দুই নৌকায় থাকা ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন, নৌকার শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল উদ্ধারে কাজ শুরু করেন। নদীতে তলিয়ে যাওয়া চাল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, সকালে নদীতে হঠাৎ বৈরী আবহাওয়া সৃষ্টি হলে প্রবল ঢেউ এ মুহূর্তের মধ্যেই দুটি নৌকা ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।