- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এই আয়োজনে বালক ও বালিকা উভয় বিভাগে অনুষ্ঠিত ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এ সময় তারা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।