- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
মুখে কালো কাপড় বেঁধে গাইবান্ধায় সনাতন হিন্দুদের নীরব প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালীমন্দিরকে কেন্দ্র করে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননা, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারীদের বিরুদ্ধে গাইবান্ধায় নীরব প্রতিবাদ পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা কমিটি এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিপুল সংখ্যক সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি মানিক চৌহান, সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভিসহ জেলা উপজেলা কমিটি ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ এতে অংশ নেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতী রঞ্জন সরকার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। তবে মুষ্টিমেয় কিছু কুচক্রী এই সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে। তাদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।