- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান: দ্য নিউইয়র্ক টাইমস
অনলাইন ডেস্ক ►
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাম্প্রতিক সামরিক ও নিরাপত্তা কাঠামোর রদবদলে দেশটির ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শীর্ষ নিরাপত্তা পদগুলোতে কট্টরপন্থি ও অভিজ্ঞ সামরিক কর্মকর্তাদের নিয়োগ দিয়ে তেহরান সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নিজেদের প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার (১৭ আগস্ট) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ছয় মাস লোকচক্ষুর আড়ালে থাকার পর মোজতবা খামেনি দেশের শাসনব্যবস্থা ও নিরাপত্তা কৌশল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করছেন। চলতি মাসে তিনি নিরাপত্তা ও সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে একাধিক প্রবীণ সামরিক কমান্ডার ও কট্টরপন্থি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এসব নিয়োগের মাধ্যমে ইরান এমন একটি কৌশল নিতে চাইছে, যাতে সংঘাতের অবসান ঘটলেও হরমুজ প্রণালির ওপর তার কৌশলগত নিয়ন্ত্রণ ও সামরিক সক্ষমতা অক্ষুণ্ন থাকে। সংঘাতের তীব্রতা কিছুটা কমে এলেও হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমাও সোমবার শেষ হয়েছে।
এ অবস্থায় পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যেকোনো সময় পরিস্থিতি আবারও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মোজতবা খামেনির সাম্প্রতিক নিয়োগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহসেন রেজাই। ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের নেতৃত্ব দেওয়া এই সাবেক সামরিক কমান্ডারকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে।
এ ছাড়া ধর্মীয় নেতা ও সাবেক গোয়েন্দা প্রধান হোসেইন তায়েবকে বাসিজ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাসিজ ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট একটি শক্তিশালী আধাসামরিক নেটওয়ার্ক, যা অতীতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীর নতুন জেনারেল স্টাফ, রেভল্যুশনারি গার্ডসের নতুন প্রধান এবং বাহিনীটির নৌবাহিনীর নতুন কমান্ডারও নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে নৌবাহিনীর কমান্ডার পদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণের সক্ষমতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্যও গুরুত্বপূর্ণ। ফলে তেহরানের সাম্প্রতিক সামরিক ও নিরাপত্তা কাঠামোর পরিবর্তনের দিকে আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস