• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রংপুরে ডিবির অভিযানে আলোচিত জর্দা শামীমসহ আটক ২



রংপুর প্রতিনিধি ►
রংপুরে জেলা পুলিশের ডিবি এর অভিযানে মাদকসহ আলোচিত জর্দা শামীম ও অপর একজন  অভিযুক্ত আরিফকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে তাদের পাগলাপীর থেকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক।  

জেলা ডিবি পুলিশ জানায়, রংপুর জেলার কোতোয়ালী থানার ২ নং হরিদেবপুর ইউপির গোকুলপুর চওড়াপাড়া গ্রামস্থ পাগলাপীর বাজার টু জলঢাকা গামী পাকারাস্তা সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেড অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ ক্যান বিয়ারসহ অভিযুক্ত শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। রংপুর জেলা কোতয়ালী (সদর) থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামী শামীম আহমেদ (৫৫) ও মোঃ আরিফ হোসেন (৪৬) ঝালকাঠি সদর এলাকার পূর্বকাঠপট্টি গ্রামের মৃত হাজী শাহাবুদ্দিন মিয়ার পুত্র।

জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত শামীম আহমেদ ডিএমপি উত্তরা পূর্ব থানা, ডিএমপি রামপুরা থানার মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং আরিফ, ঝালকাঠি সদর থানার দুটি মামলার একজন অভিযুক্ত। গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রংপুর জেলা পুলিশের ডিবি মামলাটি তদন্ত করছে।