• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত



অনলাইন ডেস্ক ►

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজনেই সাতক্ষীরা জেলার বাসিন্দা ছিলেন।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম। দূতাবাসের পক্ষ থেকে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিল মাসেও দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছিলেন। লেবাননে চলমান এই সংঘাতের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।