- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৬-২০২৬, সময়ঃ রাত ০৭:৫০
সাঘাটায় ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত ১ জন আহত
সাঘাটা/বোনারপাড়া প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রশিবিরের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী (২২) বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন বিষয়টির প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতির বিষয়টি নিশ্চিত করে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।