- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাবেক বাণিজ্যমন্ত্রীর পোষ্যপুত্র নুর আলম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি ►
দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটিয়ে অবশেষে পুলিশের কাছে ধরা পড়লেন পীরগাছার কল্যাণী ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান নুর আলম (৫৬)। সোমবার দিবাগত রাত পৌনে ১০টায় রংপুরের মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে গভীর রাতেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন স্থানীয়রা।
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পোষ্যপুত্র খ্যাত নুর আলম ১নম্বর কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে নির্বাচনের পর থেকে তাকে মাঝে মাঝে প্রকাশ্যে দেখা যাচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীর ছত্রছায়ায় গত এক দশক ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন নুর আলম। কল্যাণী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে থেকে সরকারি রাস্তার দেড় কোটি টাকার গাছ বেআইনিভাবে বিক্রি এবং উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিউর রহমান জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর তাঁকে একটি সাজানো মামলায় রিমান্ডে নিয়ে পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করা হয়। ভুক্তভোগী আঙ্গুর মিয়া জানান, মিথ্যা মামলায় হয়রানি করে তাঁর প্রায় ১০ লাখ টাকার ব্যবসায়িক ক্ষতি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহীন মির্জা সুমন বলেন, নুর আলম কখনো আইনের পরোয়া করেননি। ইউএনও ও ডিসি বরাবর প্রমাণসহ অভিযোগ দিয়েও কোনো ফল মেলেনি। এলাকাবাসী দুদককে নুর আলমের বিগত ১০ বছরের দুর্নীতি, দখলবাজি ও অবৈধ সম্পদের পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি মাইদুল ইসলাম জানান, মাহিগঞ্জ থানার সিআর ওয়ারেন্টমূলে (২৮/২৫) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালী থানার মামলা নং-০৪ (০৩/১২/২০২৪) এবং তাজহাট থানার মামলা নং-১৭ (২৪/১০/২০২৪) সহ একাধিক মামলায় তিনি আসামি। আজ মঙ্গলবার (০৫ মে) তাঁকে আদালতে হাজির করা হবে বলে ওসি জানান।