- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সিরাজগঞ্জে ট্রাকসহ ছিনতাই হওয়া গরু সাদুল্লাপুরে উদ্ধার
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সিরাজগঞ্জ থেকে ট্রাকসহ ছিনতাই হওয়া ২৯ গরুর মধ্যে ৯টি গরু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ট্রাকটি এখনও উদ্ধার হয় নাই। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের একাধিক ব্যক্তির বাড়ি থেকে এই গরুগুলো উদ্ধার করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হয়। তবে কাউকে আটক করতে পারেন নাই।
এর আগে শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল গরুগুলো ট্রাকসহ ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ ও গরুর মালিকরা জানান, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কদিমকাকনা গ্রামের গরু ব্যবসায়ী আতোয়ার শেখ, জরিফ শেখ, বুদ্ধ শেখ, ইয়াদ আলী ও সানোয়ার মিয়া শুক্রবার বিকালে পঞ্চগড় জেলার পঞ্চগড় হাট থেকে ২৯টি ক্রয় করে ট্রাকযোগে বাড়ির পথে রওনা হন। পথে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল একটি খালি ট্রাক দিয়ে গরু বোঝাই ট্রাক্টটির পথরোধ করে।
পরে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের জিম্মি করে মারধোর করার পর তাদের হাত-পা বেঁধে মহাসড়কের ধারে ফেলে রেখে গরু বোঝাই ট্রাক্টটি তাদের নিয়ন্ত্রণে নেয়। ডাকাতরা ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ৩ লক্ষ টাকাও ছিনিয়ে নেয়। গরু ব্যবসায়ীরা আতোয়ার শেখ জানান, এসময় তিনি ছিনতাই হওয়া ট্রাকে থাকা গরুর নিচে কৌশলে শুয়ে পরেন। ডাকাতরা ট্রাকটি নিয়ে রংপুর অভিমুখে রওনা হন। পথে রংপুরের পীরগঞ্জ বাসস্টান্ডে এসে ডাকাতরা টের পেলে তিনি ট্রাক থেকে লাফ দিয়ে নিচে নেমে যান। এসময় ট্রাকটি গাইবান্ধা অভিমূখে রওনা হয়। পরবর্তীতে খবর পেয়ে বাকী গরু ব্যবসায়ী ও তার আত্মীয় স্বজনরা পীরগঞ্জ এসে খোঁজখবর নিয়ে জানতে পারে সাদুল্লাপুর উপজেলার তাহেরপুর গ্রামে ট্রাক থেকে ২৯টি গরু নামানো হয়েছে।
পরে সাদুল্লাপুর থানা পুলিশের সহায়তায় ওই গ্রামের একাধিক ব্যক্তির বাড়ি থেকে ৯টি গরু উদ্ধার করা হয়। এসময় পুলিশ কাউকে আটক করতে পারে নাই। স্থানীয়রা জানান, উপজেলার ফরিদপুর ইউনিয়নের একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় গরু চুরি করে এনে এলাকার বিভিন্ন খামারে রেখে পরবর্তীতে বিক্রি করে। তাদের ধারনা বাকী ২০টি গরু এই এলাকাতেই আছে। সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাকী গরু ও ট্রাক উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। এছাড়া এই গরু ছিনতাইয়ের সাথে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।