• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সৈয়দপুরে শ্রেণি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষণা, সীলগালা



শাহজাহান আলী মনন, নীলফামারী ►

নীলফামারীর সৈয়দপুরে ক্লাস চলাকালে একটি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ শ্রেণি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২ টায় শহরের নতুন বাবুপাড়াস্থ কয়া নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিফতাউল জান্নাত তাকওয়া নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী সামান্য আহত হয়। এসময় ক্লাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা এসে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে পরিদর্শন করে শ্রেণিকক্ষ দুটি পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগিয়ে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। 

বিদ্যালয়ের সূত্র জানায়, ওই একতলা পুরোনো ভবনের দুটি রুমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান করা হয়। ঘটনার সময় দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের ক্লাস চলছিল। ওই ক্লাসে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল। শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহকারি শিক্ষক নাজমুন নাহার। তিনি বলেন, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়তে থাকে। এসময় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয় এবং তারা কান্নাকাটি করতে থাকে। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারিরা দ্রুত ছুটে এসে ছাত্রছাত্রীদের বাইরে নিরাপদ স্থানে নিয়ে আসেন। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা আক্তার বানু বলেন, ১৯১১ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে কয়েকশত শিক্ষার্থী লেখাপড়া করছে। এরমধ্যে পুরনো একতলা বিশিষ্ট ওই ভবনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নেওয়া হয়। ২০২৪ সালে এখানে যোগদানের পর থেকে ঝুকিপূর্ণ ভবনটির বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু কোনো কাজ হয়নি। মঙ্গলবার ক্লাসরুমের ছাদের পলেস্তারা খসে পড়লে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগিয়ে দেওয়া হয়। 

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বলেন, বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি জানতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভবনটি অত্যন্ত বিপদজনক হওয়ায় উপজেলা প্রকৌশলীর সাথে পরামর্শ করে পরিত্যক্ত ঘোষণা করে তালাবদ্ধ করা হয়।